টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি‑সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানালেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি‑সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানালেন। তিনি জোর দিয়ে বললেন, ভবিষ্যৎমুখী এবং সমন্বিত দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যাতে আর্থিক ব্যবস্থা শুধু অর্থ সরবরাহই না, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশও গড়ে তুলতে পারে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন: সংকট মোকাবিলায় প্রতিক্রিয়াশীল পদ্ধতির বদলে ঝুঁকি আগাম শনাক্ত ও প্রশমনের সক্ষম ব্যবস্থা গঠন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে ঝুঁকিপ্রবণ দেশগুলোর কণ্ঠস্বর জোরদার করা, দীর্ঘমেয়াদি, স্বল্পব্যয়ী ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা, জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে আন্তর্জাতিক অর্থায়নের সমন্বয় বাড়ানো, এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের ক্ষেত্রে নমনীয় সহায়তা ও অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখা।
তিনি বাংলাদেশের ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগকে তৃণমূল পর্যায়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এই উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি, স্যানিটেশন, জীবিকার সুযোগ, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা ও জলবায়ু সহনশীলতা সমন্বিতভাবে অগ্রসর করা হচ্ছে। অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো উপস্থিত ছিলেন। সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।