রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪, মামলা ৫৮
রাজধানীতে গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ৫৬৪ জনকে গ্রেপ্তার করেছে।
রাজধানীতে গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ৫৬৪ জনকে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিলে ৭৭ জন, তেজগাঁওয়ে ১১৪ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৩৬ জন, উত্তরায় ৩৫ জন এবং ডিএমপির গোয়েন্দা বিভাগে ৪ জন অন্তর্ভুক্ত। অভিযানে ২,১৯৪টি ইয়াবা বড়ি, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০ গ্রাম স্বর্ণালংকার এবং এক হাজার রং কাগজ উদ্ধার করা হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত, ডিএমপি রাজধানীতে অভিযান চালিয়ে ৫৪৬ জনকে গ্রেপ্তার করেছে।