কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে কক্সবাজারে ‘University of Blue Economy Sciences and Technology (UBEST)’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে কক্সবাজারে ‘University of Blue Economy Sciences and Technology (UBEST)’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে একটি আধা‑সরকারি পত্র (ডি‑ও লেটার) পাঠিয়ে, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু করার প্রস্তাব রেখেছেন।
পত্রে বলা হয়েছে, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিশাল সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, পর্যটন ও হসপিটালিটি ইত্যাদি ক্ষেত্রে বিশেষায়িত শিক্ষা ও গবেষণার প্রয়োজন। শূন্য থেকে নতুন ক্যাম্পাস গড়ে তুলতে সময় ও ব্যয় বেশি হবে বলে, বিদ্যমান গবেষণাগার, বৈজ্ঞানিক জনবল এবং অবকাঠামো ব্যবহার করে দ্রুত শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, দীর্ঘমেয়াদী অবকাঠামো সম্পন্ন হওয়ার অপেক্ষা না করে বর্তমান সুবিধা দিয়ে শিক্ষা ও গবেষণা চালু করা হবে, এরপর ধীরে ধীরে নিজস্ব ক্যাম্পাস ও একাডেমিক কাঠামো গড়ে তোলা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ, পরিবেশ এবং অর্থনীতির জন্য নতুন উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে।