মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল ২০২৬ সালের ৩১ ডিসেম্বর: বিআরটিএ
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করার সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করার সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালকরা এই নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন। বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ১৬ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে পেছনের পাশাপাশি মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছিল। তখন এই কাজ সম্পন্ন করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সড়ক পরিবহণ আইন ও বিধিমালা অনুযায়ী পেছনের আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি এখন সামনেও নিজস্ব ব্যবস্থাপনায় নম্বর প্রদর্শন করতে হবে।
বিআরটিএ নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপও উল্লেখ করেছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য মোটরসাইকেলের জন্য দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার। প্লেটে নম্বরগুলো আনুভূমিক এক লাইনে লিখতে হবে।