ডেইলি বাংলাগ্রাম

মিরপুরে শ্রমিক বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুরে শ্রমিক বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা হিসেবে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে সংশ্লিষ্ট থানাগুলোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক বক্সে ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের অভিযোগে একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় তিন হাজার জনকে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। অন্যদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে আগুন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় দুই থেকে আড়াই হাজার করে মোট সাত থেকে সাড়ে সাত হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন।

সংঘর্ষ ও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবারও নতুন করে কয়েকজনকে আটক করা হয়েছে এবং অপরাধে তাদের সংশ্লিষ্টতা যাচাই করে দেখা হচ্ছে।