দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন গত ২৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেন। দুদকের আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ফলে মামলার সুষ্ঠু তদন্তে তাঁকে গ্রেপ্তার দেখানো দরকার।
এর আগে গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে দিলীপ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। মানি লন্ডারিং ও জুলাই গণ-অভ্যুত্থানকালীন হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।