তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্রীদের ওপর চীনের নিষেধাজ্ঞা
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কারণে প্যারাগুয়ে এবং বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কারণে প্যারাগুয়ে এবং বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। সোমবার (১২ অক্টোবর) এই ব্যবস্থার কথা ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার আওতায় চীনে থাকা তাদের যাবতীয় সম্পদ জব্দ, ভিসা বাতিল এবং চীনা কোনো সংস্থা তাদের সঙ্গে লেনদেন বা ব্যবসা করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
শাস্তিমূলক এই ব্যবস্থার মুখে পড়েছেন প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিয়াতে এবং বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকা। তাইওয়ানের জাতীয় দিবস পালনের দুদিন পর বেইজিং এই পদক্ষেপ নিল। ওই দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিয়াতে তাইওয়ানের সঙ্গে নিজেদের বন্ধুত্ব এবং মানবাধিকার ও গণতন্ত্রের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
বর্তমানে বিশ্বে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক মিত্র রয়েছে মাত্র ১২টি। এই মিত্রদের মধ্যে প্যারাগুয়ে এবং বেলিজের পাশাপাশি গুয়াতেমালা ও হাইতি অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের শুরুতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা তাইপে সফরে গিয়ে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি সই করেন। এছাড়া গত মাসে বেলিজ সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং।