ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন: ইয়ার গোলান
ক্ষমতায় টিকে থাকতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারেন বলে সতর্ক করেছেন ‘ইসরায়েলি ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান।
ক্ষমতায় টিকে থাকতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারেন বলে সতর্ক করেছেন ‘ইসরায়েলি ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান। সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোলান লিখেছেন, ইরানের সঙ্গে নতুন করে লড়াইয়ের আশঙ্কা ক্রমশ বাড়ছে। বারবার এমন যুদ্ধাবস্থা তৈরি হওয়া প্রমাণ করে নেতানিয়াহু কতটা ব্যর্থ। গোলানের মতে, এই সংঘাত মোকাবিলার মতো নৈতিক বৈধতা ও সক্ষমতা নেতানিয়াহুর নেই।
মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন আক্রমণ হতে পারে। এমন অবস্থায় গোলান দ্রুত একটি বিকল্প সরকার গঠনের আহ্বান জানান। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট বা বিরোধী দল কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনে ৬১টি আসনের প্রয়োজন হলেও নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে ইহুদি বিরোধী দলগুলো ৪৮টি এবং ফিলিস্তিনি দলগুলো ১৯টি আসন লাভ করেছে।
অমীমাংসিত এই ফলাফলের ফলে ফিলিস্তিনি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন, জাতীয় ঐক্যের সরকার কিংবা নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মতো দুর্নীতির মামলার মুখোমুখি হচ্ছেন। এসব অপরাধ প্রমাণিত হলে তার জেল হতে পারে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন তিনি।