ডেইলি বাংলাগ্রাম

চেক প্রজাতন্ত্রে পারমাণবিক প্রকল্প চালু রাখতে দক্ষিণ কোরিয়ার জরুরি পদক্ষেপ

চেক প্রজাতন্ত্রে ১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প যথাসময়ে শেষ করতে জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছে দক্ষিণ কোরিয়া।

চেক প্রজাতন্ত্রে পারমাণবিক প্রকল্প চালু রাখতে দক্ষিণ কোরিয়ার জরুরি পদক্ষেপ

চেক প্রজাতন্ত্রে ১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প যথাসময়ে শেষ করতে জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দেশীয় একটি নির্মাণ কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সংক্রান্ত আলোচনা ভেঙে যাওয়ার পর সোমবার এই পদক্ষেপ নেয় দেশটির সরকার। ডুকোভানি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে এগিয়ে নিতে এবং নতুন কোনো জটিলতা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রণালয়।

এর আগে গুরুত্বপূর্ণ কিছু শর্তে একমত হতে না পারায় দাইউ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং ডুসান এনারবিলিটির যৌথ কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা বাতিল করে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার (কেএইচএনপি)। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সোমবার মন্ত্রণালয় প্রথম জরুরি বৈঠক আহ্বান করে। নতুন করে একজন নির্মাণ ঠিকাদার বাছাই করতে শিগগিরই পুনরায় দরপত্র আহ্বান করা হবে এবং ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নতুন চুক্তি সইয়ের লক্ষ্য রয়েছে কেএইচএনপির।

প্রায় ২৫ ট্রিলিয়ন উওন ব্যয়ের এই প্রকল্পের আওতায় ডুকোভানিতে দুটি ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এপিআর১০০০ পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে। দেশটির শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান জানিয়েছেন, প্রকল্পের কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রী এবং উপমন্ত্রী প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যক্তিগতভাবে তদারকি করবেন। গত বছর কেএইচএনপির নেতৃত্বাধীন একটি দক্ষিণ কোরীয় কনসোর্টিয়াম বড় অঙ্কের এই প্রকল্পটি পেয়েছিল।