আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ভারতে বসে এবং জামায়াতে ইসলামী দেশের ভেতরে থেকে রাষ্ট্রবিরোধী চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আওয়ামী লীগ ভারতে বসে এবং জামায়াতে ইসলামী দেশের ভেতরে থেকে রাষ্ট্রবিরোধী চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ পাশে থাকলে বিএনপি সরকার যেকোনো ধরনের আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করতে পারবে।
উভয় দলের অতীত ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খাঁন দাবি করেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির দেখা গেছে। এর আগে ১৯৮৬ সালের নির্বাচনে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের ক্ষমতা টিকিয়ে রাখতে দল দুটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এছাড়া বর্তমান সরকারের ছয় মাস চলাকালে বিরোধী দলগুলোর ডাকা লংমার্চসহ নানা কর্মসূচি সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীতে অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ পরিদর্শন করেন এবং সেখানে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় তাঁর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।