ডেইলি বাংলাগ্রাম

সাত দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলা

গণভোটের রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।

সাত দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলা

গণভোটের রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন। এতে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, সরকারের ব্যর্থতার প্রতিবাদ ও দাবি আদায়ে এটি তাদের তৃতীয় এবং সবচেয়ে দীর্ঘ লংমার্চ। তিনি অবিলম্বে চাল-ডালসহ নিত্যপণ্যের দাম কমানো, জ্বালানি সংকট সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার দাবি জানান। এছাড়া জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক নিহত ও প্রায় ৪০ হাজার আহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক সংঘাত বন্ধের বিষয়েও তিনি জোর দেন।

ঘোষিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাতটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের পর সকাল আটটায় লংমার্চ শুরু হবে। বহরটি শরীয়তপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনা, যশোর এবং ঝিনাইদহ অতিক্রম করবে। যাত্রাপথে ছয়টি স্থানে পথসভা করা হবে। এরপর রাত সাড়ে আটটায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের এক পাশ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।