আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ ভাড়া বেশি কেন, নীতিমালার পরামর্শ সংসদীয় কমিটির
ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া তুলনামূলক বেশি হওয়ার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া তুলনামূলক বেশি হওয়ার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের ভাড়া নির্ধারণে কোনো নীতিমালা করা যায় কি না, তা খতিয়ে দেখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে চিফ হুইপ ও কমিটির সভাপতি নূরুল ইসলাম মনি সভাপতিত্ব করেন। সংসদ সদস্যরা উল্লেখ করেন, ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব আর কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্ব প্রায় একই। অথচ ঢাকা-কুয়ালালামপুর রুটে টিকিটের মূল্য অনেক বেশি। জবাবে বেবিচক জানায়, আন্তর্জাতিক ভাড়া তারা নির্ধারণ করে না, এয়ারলাইনসগুলো নিজেরা ঠিক করে।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিরীক্ষা আপত্তি এবং নানা অনিয়ম নিয়েও বিস্তারিত কথা হয়। ঢাকা–গুয়াংজু–ঢাকা রুটে কার্গো ফ্লাইট ও রাজস্ব আদায়ে ৭৩৬ কোটি টাকার অনিয়মের কারণ জানতে চায় কমিটি। পাশাপাশি পুরোনো ও ত্রুটিপূর্ণ উড়োজাহাজ এবং অচল যন্ত্রপাতি কেনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়। ১৮টি অডিট আপত্তির বিপরীতে কত টাকা আদায় হয়েছে এবং জড়িত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির বিষয়েও ব্যাখ্যা চায় কমিটি। বিমানের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর যাত্রার ক্ষেত্রে আধুনিক উড়োজাহাজ দেওয়া হয় এবং আগের এক মাস তা পর্যবেক্ষণে থাকে। সাম্প্রতিক ত্রুটির বিষয়টি অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে।
বিমানের যাত্রীসেবা ও পরিচালনাগত সীমাবদ্ধতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সদস্যরা অভিযোগ করেন, অনলাইনে বিমানের টিকিট পাওয়া না গেলেও উড়োজাহাজের ভেতরে আসন ফাঁকা পড়ে থাকে। ঢাকা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। অন্যদিকে বিমানের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালে পর্যাপ্ত চেক-ইন কাউন্টার, বোর্ডিং ব্রিজ এবং ব্যাগেজ বেল্ট না থাকায় ফ্লাইট ছাড়তে দেরি হয়। বৈঠকে কমিটির সদস্য হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।