২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ৭১-এর রাজাকার: রাশেদ খান
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারীদের কটূক্তিকারী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর সংবর্ধনা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারীদের কটূক্তিকারী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর সংবর্ধনা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, ২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ৭১-এর রাজাকার।
ফেসবুক পোস্টে রাশেদ খান জানান, ‘ফেস দ্য পিপল’ নামের একটি অনুষ্ঠানে মেজর আখতারুজ্জামান উপস্থিত আন্দোলনকারীদের সরাসরি ‘শতভাগ রাজাকারের সন্তান’ বলে আক্রমণ করেছিলেন। অথচ সেই ব্যক্তি জামিনে মুক্ত হওয়ার পর জামায়াত নেতারা তাকে বড় করে বরণ করে নিয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মীকে মারধরের মামলায় সম্প্রতি কারামুক্ত হন তিনি। জামায়াত আমিরের দাবি অনুযায়ী, ওই মামলার অভিযোগ মিথ্যা এবং আখতারুজ্জামান কাউকে মারধর করেননি।
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান লেখেন, অতীতে দলটিকে সন্ত্রাসী আখ্যা দেওয়া আখতারুজ্জামান এখন কীভাবে তাদের নেতা বনে গেলেন। তিনি আরও প্রশ্ন করেন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে আসতে চান, তবে জামায়াত তাকে দলে জায়গা দেবে কি না। এছাড়া জামায়াত আমিরের পাশে দাঁড়িয়ে আখতারুজ্জামানের ১৯৭১ সাল এবং ইয়াহিয়া খানের প্রসঙ্গ টেনে বক্তব্য দেওয়ার বিষয়টিরও তীব্র সমালোচনা করেন তিনি।