ডেইলি বাংলাগ্রাম

কানেক্টিভিটির নামে দেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না: ডা. শফিকুর রহমান

যোগাযোগ বা কানেক্টিভিটির অজুহাতে দেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কানেক্টিভিটির নামে দেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না: ডা. শফিকুর রহমান

যোগাযোগ বা কানেক্টিভিটির অজুহাতে দেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চার দিনের বিদেশ সফরের উদ্দেশ্য এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো গোপনীয়তা আছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের সাত দফার মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। এটি অর্জিত হলে দেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য থাকত না। বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে এবং সংসদে অসত্য কথা বলেছে। আগামী ৯ তারিখ সংসদ অধিবেশন শুরুর আগেই ভুল পথ পরিহার করে গণরায় বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় ৭০ শতাংশ ভোটারের মর্যাদা রক্ষায় রাজপথের আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।

যুবসমাজকে বিভ্রান্ত না হয়ে নতুন বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অধিকার আদায়ে আবারও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, মুজিবুর রহমান মঞ্জু, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, মুফতি ফখরুল ইসলাম ও নুরুল ইসলাম সাদ্দামসহ জোটের শীর্ষ নেতারা।