ক্ষমতাশীলদের অনুকূলে আইন চলে: মোহাম্মদ সেলিম উদ্দিন
ডেঙ্গু সংক্রমণ রোধে সচেতনতা তৈরির অংশ হিসেবে শনিবার কড়াইল এলাকার বাসিন্দাদের মাঝে তিন হাজার মশারি দিয়েছে জামায়াতে ইসলামী।
ডেঙ্গু সংক্রমণ রোধে সচেতনতা তৈরির অংশ হিসেবে শনিবার কড়াইল এলাকার বাসিন্দাদের মাঝে তিন হাজার মশারি দিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বনানী মডেল হাই স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করে দলটির গুলশান পশ্চিম থানা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বক্তব্যে সেলিম উদ্দিন অভিযোগ করেন, দেশে সাধারণ মানুষ আজ অসহায় এবং আইন কেবল ক্ষমতাবানদের পক্ষেই কাজ করে। চাঁদাবাজি ও নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি সংকট সমাধানে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবার সমালোচনা করে তিনি উন্নত বিশ্বের মতো চিকিৎসা অধিকার নিশ্চিতের ওপর জোর দেন। একই সঙ্গে এডিস মশা প্রতিরোধে জমা পানি ও ময়লা পরিষ্কার রাখার এবং ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত বৈষম্য দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। গুলশান পশ্চিম থানার আমির মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে মশারিগুলো বিতরণ করা হয় এবং স্থানীয় নেতা ও কাউন্সিলর প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।