ডেইলি বাংলাগ্রাম

পেরুতে মেয়র নির্বাচিত হলেন ‘হিটলার মুসোলিনি’

পেরুর হুয়ানুকো অঞ্চলের প্রত্যন্ত কেরোপালকা জেলার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস।

পেরুতে মেয়র নির্বাচিত হলেন ‘হিটলার মুসোলিনি’

পেরুর হুয়ানুকো অঞ্চলের প্রত্যন্ত কেরোপালকা জেলার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস। ইউরোপের দুই কুখ্যাত একনায়কের নাম বহনকারী ৪৫ বছর বয়সী এই ব্যবসায়ী আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত ৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থী দল আহোরা নাসিওন থেকে অংশ নেন ফ্লোরেস। মোট ৬৬৩টি ভোটের মধ্যে তিনি ২২৯টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী গাসপার ওসোরিও পান ২০৪টি ভোট। পেশায় পণ্য পরিবহন ব্যবসায়ী ফ্লোরেস এর আগে ২০২৫ সাল পর্যন্ত ডানপন্থী নেত্রী কেইকো ফুজিমোরির দল পপুলার ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন।

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নামের সঙ্গে মিল থাকলেও পেরুর রাজনীতিতে এই নামের ব্যক্তিদের বিজয়ের নজির আগেও দেখা গেছে। ২০২১ সালে মধ্যপন্থী দল সোমোস পেরু থেকে সংসদ সদস্য নির্বাচিত হন চিকিৎসক হিটলার সাভেদ্রা কাস্তেরনোক। এর আগে ২০১৮ সালে আন্দিজ অঞ্চলের ইয়ুনগার জেলার মেয়র নির্বাচিত হয়েছিলেন হিটলার আলবা সানচেজ, যিনি নির্বাচনী প্রচারের সময় নিজেকে ‘ভালো হিটলার’ বলে দাবি করেছিলেন।