অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক আহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ছোড়া রবার বুলেটে ইসাম রিমাউই নামের এক ফিলিস্তিনি ফটোসাংবাদিক আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ছোড়া রবার বুলেটে ইসাম রিমাউই নামের এক ফিলিস্তিনি ফটোসাংবাদিক আহত হয়েছেন। শনিবার রামাল্লার নিকটবর্তী দেইর নিজাম গ্রামে জলপাই সংগ্রহের খবর সংগ্রহের সময় তিনি এই হামলার শিকার হন। ইসরায়েলি সেনাদের ছোড়া একটি রবার বুলেট তাঁর ডান পায়ে আঘাত করে। পরে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে ইসরায়েলি দখলদারদের বাধার কারণে স্থানীয় কৃষকরা জলপাই তোলার জন্য কর্মীদের সাহায্য চান। এরপর বেশ কয়েকজন কর্মী কৃষকদের সঙ্গে তাঁদের জমিতে যান। সেখানে দখলদাররা পৌঁছালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ইসরায়েলি সেনারা এসে দখলদারদের সঙ্গে যোগ দেয় এবং ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। প্রেস জ্যাকেট ও হেলমেট পরা থাকা সত্ত্বেও তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে আহত সাংবাদিক জানান।
২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনা ও দখলদারদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনের দেওয়া তথ্যমতে, এই সময়ের মধ্যে সেখানে ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ১৩ হাজার ৩৫০ জন এবং ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ২৬ হাজার মানুষ।