দিল্লিতে বিক্ষোভের আগে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ডাকা সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ডাকা সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করা হয়। একই সঙ্গে দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমানবন্দর থেকেই হেফাজতে নেয় পুলিশ। এছাড়া কর্মসূচিতে যোগ দিতে জার্মানি থেকে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে।
অনুমতি না থাকার কারণ দেখিয়ে পুলিশ এই বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্য দিল্লিতে কয়েক হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ৫৭টি মেট্রো স্টেশন এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। পাশাপাশি সমাবেশস্থলের চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দলের আইনি শাখার প্রধান রত্না সিং ও আরও তিন আইনজীবীকেও পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার প্রতিবাদে ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের ডাক দেয় সিজেপি। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে বাড়তি সুবিধা দিতেই এমনটা করা হয়েছে। এই ঘটনার জেরে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।