জনদাবি আদায় না হওয়া পর্যন্ত লংমার্চ চলবে: এটিএম আজহারুল ইসলাম
জনগণের ন্যায্য দাবি আদায় করতেই ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি।
জনগণের ন্যায্য দাবি আদায় করতেই ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। সরকার দাবি মেনে নিলে এই কর্মসূচির প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে এবং সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। এ ছাড়া জুলাই সনদ কার্যকর না করা এবং জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই তারা ৮ দফা দাবিতে মাঠে নেমেছেন। সংকট সমাধানে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সভায় মতিউর রহমান আকন্দ ও আবদুর রবসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমানো এবং প্রশাসনের দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে ঘোষিত কর্মসূচির তৃতীয় ধাপ হিসেবে আগামী ৩১ অক্টোবর এই লংমার্চ অনুষ্ঠিত হবে।