পোশাক শ্রমিকদের আন্দোলনে স্লোগান দিলেন ছাত্রলীগ নেতা
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা স্লোগান দিয়েছেন।
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা স্লোগান দিয়েছেন। ওই নেতার নাম সাজবুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এই পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) সকালে সাজবুল তাঁর ফেসবুক আইডি থেকে এ আন্দোলনের পক্ষে একাধিক পোস্ট দেন। সেখানে যুক্ত করা একটি ভিডিওতে তাঁকে সরাসরি বিক্ষোভের সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্লোগান দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে সাজবুল জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার চালানো কষ্টকর হয়ে পড়েছে। নিজেকে একজন শ্রমিক হিসেবে দাবি করে তিনি মজুরি বোর্ড গঠনের মাধ্যমে দ্রুত ৩০ হাজার টাকা বেতনের দাবি মেনে গেজেট প্রকাশের আহ্বান জানান।