ডেইলি বাংলাগ্রাম

অন্যের রাজনীতির ঘুঁটি না হয়ে আলেমদের নিজস্ব অবস্থান তৈরির আহ্বান হাসনাত আবদুল্লাহর

অন্যের রাজনীতির ঘুঁটি না হয়ে তরুণ আলেমদের নিজেদের অবস্থান ও দীর্ঘমেয়াদী রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অন্যের রাজনীতির ঘুঁটি না হয়ে আলেমদের নিজস্ব অবস্থান তৈরির আহ্বান হাসনাত আবদুল্লাহর

অন্যের রাজনীতির ঘুঁটি না হয়ে তরুণ আলেমদের নিজেদের অবস্থান ও দীর্ঘমেয়াদী রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, নির্বাচন এলেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ আলেম ও ইসলামপন্থীদের প্রতি বাড়তি সহানুভূতি দেখায়। হেফাজতে ইসলামের প্রয়াত নেতা আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ‘তুরাস’ পত্রিকার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে আলেমদের ওপর রাষ্ট্রীয় নির্যাতন চললেও তা নিয়ে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক গবেষণা হয়নি। তিনি তরুণ আলেমদের পেশাগত পরিধি বাড়ানোর আহ্বান জানান। কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মূলধারার কর্মক্ষেত্রে প্রবেশের ওপর তিনি জোর দেন। জুলাই আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আলেমদের নিজস্ব গণমাধ্যম ও গবেষণাপ্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন।

আলেমদের বিরুদ্ধে উগ্রবাদের অপপ্রচার প্রতিহত করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন উপাসনালয় পাহারা দিয়ে আলেমরা প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ এত দিন মিথ্যা বয়ান তৈরি করেছিল। তিনি আসন্ন দুর্গাপূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের যেকোনো অনুষ্ঠানে আলেমদের দায়িত্বশীল ভূমিকা বজায় রাখার এবং পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনামুল হাসান, গাজী ইয়াকুব, মুফতি ইমরানুল বারী সিরাজী, মনযূরুল হক, আশরাফ উদ্দিন মাহদী ও সানাউল্লাহ খান প্রমুখ।