পশ্চিম তীরে ৯ হাজার ৫০০টির বেশি স্থাপনায় ইসরায়েলের নোটিশ
অধিকৃত পশ্চিম তীরে ২০১৫ সালের শুরু থেকে ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা ভাঙা ও কাজ বন্ধের জন্য ৯ হাজার ৫১৮টি নোটিশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
অধিকৃত পশ্চিম তীরে ২০১৫ সালের শুরু থেকে ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা ভাঙা ও কাজ বন্ধের জন্য ৯ হাজার ৫১৮টি নোটিশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপের কারণে নির্মাণকাজ স্থবির হয়ে পড়ার পাশাপাশি বহু সম্পত্তি হুমকির মুখে পড়েছে। একই সময়ে সেখানে প্রায় ১২ হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৪৩ হাজার মানুষ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ৯ হাজার ১৭৪টি নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া ২০২৬ সালের প্রথম নয় মাসে আরও ৩৪৪টি নোটিশ জারি করা হয়। অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে হেবরনে সর্বোচ্চ ২ হাজার ৬৯৭টি নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেথলেহেমে ১ হাজার ৩১০টি, রামাল্লা ও আল-বিরেহ এলাকায় ১ হাজার ১১৮টি এবং জেরুজালেমে ৯২৯টি নোটিশ জারি করা হয়। ২০১৫ সালে যেখানে নোটিশের সংখ্যা ছিল ৭০১টি, ২০২৩ সালে তা বেড়ে সর্বোচ্চ ১ হাজার ৩৩৩টিতে পৌঁছায়।
ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে নির্মিত ১ হাজার ৬৯৮টি অবকাঠামোও রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি না থাকা, শাস্তিমূলক ব্যবস্থা এবং সামরিক অভিযানের কারণে এসব উচ্ছেদ চালানো হয়েছে। নোটিশ ও উচ্ছেদ অভিযানের ফলে স্থানীয় পরিবারগুলোর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নতুন বাড়ি নির্মাণ, নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো এবং জীবিকা নির্বাহের পথ সংকুচিত হয়ে পড়েছে।