ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটে সামান্য রদবদল, কাটেনি সংখ্যাগরিষ্ঠতার অনিশ্চয়তা
ইসরায়েলের জাতীয় নির্বাচনের বিশেষ ব্যালট গণনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটে সামান্য পরিবর্তন এসেছে।
ইসরায়েলের জাতীয় নির্বাচনের বিশেষ ব্যালট গণনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটে সামান্য পরিবর্তন এসেছে। এতে জোটের শরিক দল শাস একটি আসন হারিয়েছে এবং সেই আসনটি নেতানিয়াহুর দল লিকুদ পেয়েছে। তবে এতে প্রধান দুই রাজনৈতিক শিবিরের মোট আসনে কোনো হেরফের হয়নি। ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে গেছে ৪৮টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই ছুঁতে পারেনি।
নির্বাচনে প্রধানত আরব দলগুলো তাদের দখলে থাকা রেকর্ড ১৯টি আসন ধরে রেখেছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম) ৭টি আসনে বিজয়ী হয়েছে। এ বছর জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বোচ্চ।
বর্তমানে সেখানে বিশেষ ‘ডাবল-এনভলপ’ ব্যালট গণনা চলছে। আনুমানিক ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার বিশেষ ভোটের মধ্যে এ পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৬০০টির বেশি গণনা শেষ হয়েছে। সেনা সদস্য, কূটনীতিক, পুলিশ এবং বাস্তুচ্যুত ব্যক্তিরা নিজ কেন্দ্রের বাইরে গিয়ে এই পদ্ধতিতে ভোট দিয়ে থাকেন। এখনো যেসব ভোট গণনা বাকি রয়েছে, তার ওপর ভিত্তি করে দলগুলোর চূড়ান্ত আসন সংখ্যা এবং সার্বিক ভারসাম্যে আরও পরিবর্তন আসতে পারে।