ডেইলি বাংলাগ্রাম

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক শেয়ারবাজার নিয়ন্ত্রকের স্থগিত মৃত্যুদণ্ড

বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার অপরাধে চীনের সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের (সিএসআরসি) সাবেক কর্মকর্তা ওয়াং হুইমিনকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক শেয়ারবাজার নিয়ন্ত্রকের স্থগিত মৃত্যুদণ্ড

বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার অপরাধে চীনের সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের (সিএসআরসি) সাবেক কর্মকর্তা ওয়াং হুইমিনকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চেংদু ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে। একই সঙ্গে তাঁর সব রাজনৈতিক অধিকার আজীবনের জন্য বাতিল এবং ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, ১৯৯৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিএসআরসি এবং জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসনে দায়িত্ব পালনকালে ওয়াং নিজের ক্ষমতার অপব্যবহার করেন। এই দীর্ঘ সময়ে তিনি নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ৪৩৬ মিলিয়ন ইউয়ান (প্রায় ৬ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার) ঘুষ গ্রহণ করেন। ওয়াং দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী সংস্থার পক্ষ থেকে সিএসআরসি-তে দায়িত্বপ্রাপ্ত একটি শৃঙ্খলা ও তদারকি দলের প্রধান ছিলেন।

বিচার চলাকালে অপরাধ স্বীকার করা, পূর্বে অজানা অপরাধের তথ্য প্রকাশ এবং অনুশোচনা প্রকাশ করায় আদালত তাঁকে দুই বছরের স্থগিতাদেশ দেন। এ ছাড়া ঘুষের কিছু সম্পদ ফেরত দেওয়া এবং কিছু অপরাধ কেবল চেষ্টার পর্যায়ে থাকাও এতে ভূমিকা রাখে। চীনা আইন অনুসারে, আগামী দুই বছরের মধ্যে নতুন কোনো অপরাধে না জড়ালে তাঁর এই শাস্তি কমে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে।