ব্রিসবেনে পানশালার বাইরে গুলিতে আহত তরুণীর মৃত্যু
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি পানশালার বাইরে দুর্বৃত্তদের গুলিতে আহত ১৯ বছর বয়সী এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি পানশালার বাইরে দুর্বৃত্তদের গুলিতে আহত ১৯ বছর বয়সী এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত তরুণীর নাম ভানা-রিস শুস্টার-তোগিয়াতাও, তিনি জিম্বুম্বার বাসিন্দা ছিলেন। গত শনিবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় গিয়ে তিনি হামলার শিকার হন। মাথায় ও গলায় গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সকালে প্রিন্সেস আলেকজান্দ্রা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দক্ষিণাঞ্চলীয় ব্রিসবেনের ‘ফিটজিস লোগানহোম’ নামের ওই পানশালায় একটি বক্সিং অনুষ্ঠান চলছিল। সে সময় মুখোশধারী দুর্বৃত্তরা ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়ে। হামলায় তরুণী ছাড়াও ২৭, ৩৭ ও ৩৮ বছর বয়সী আরও তিন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আহতদের মধ্যে একজন অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন এবং বাকি দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। ডিটেকটিভ ইন্সপেক্টর ইয়ান গালপিন জানান, হত্যা মামলার তদন্তে প্রায় ৮০ জন পুলিশ কর্মকর্তা কাজ করছেন। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।