রাশিয়ার বিনিয়োগ তহবিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল আমদানির আলোচনার অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল আমদানির আলোচনার অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। জ্বালানি সরবরাহে সহায়তাকারী রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে মস্কো। মার্কিন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তহবিলটির আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, এই তহবিলের উল্লেখযোগ্য সহায়তায় চলতি মাসে তিনটি জাহাজে করে যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মার্কিন ক্রেতারা এখনো সেই চালানের মূল্য পরিশোধ করেননি। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প রুশ ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করার পর এই তহবিলটি জ্বালানি পাঠানোর প্রক্রিয়াটি ত্বরান্বিত করে।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই জো বাইডেন প্রশাসন তহবিলটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তহবিলটির প্রধান কিরিল দিমিত্রিভ বর্তমানে ইউক্রেন সংকট সমাধানে মার্কিন আলোচকদের সঙ্গে সমন্বয় করছেন। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠিত নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনটি মূল্যায়ন করা হচ্ছে।