ডেইলি বাংলাগ্রাম

কমিটি ঘোষণার চার ঘণ্টার মাথায় সুবর্ণচরে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম।

কমিটি ঘোষণার চার ঘণ্টার মাথায় সুবর্ণচরে এনসিপি নেতার পদত্যাগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর সঙ্গে আগে থেকে কোনো ধরনের আলোচনা না করে কমিটিতে যুক্ত করায় তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে রাত ১১টা ২৭ মিনিটে পদত্যাগের ঘোষণা দিয়ে দিদারুল জানান, ফেসবুকে তিনি নিজের নাম দেখতে পান। দ্রুত সময়ের মধ্যে তিনি আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। তবে খন্দকার দিদারুল আলমের পদত্যাগের কোনো লিখিত চিঠি তাঁরা এখনো হাতে পাননি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলে তিনি উল্লেখ করেন।