শোষণমুক্ত মানবিক দেশ না গড়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির
আল্লাহর বিধান অনুযায়ী শোষণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আল্লাহর বিধান অনুযায়ী শোষণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার খুলনা মহানগরের বাবরী চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির অধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না উল্লেখ করে তিনি প্রয়োজনে নিজের জীবন দেওয়ার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের তোলা দাবি কোনো একক দল বা জোটের নয়। এটি এ দেশের প্রতিটি মানুষের টিকে থাকার লড়াই। জুলুমবাজদের বিরুদ্ধে আজ সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তাই এই লড়াইয়ে অন্যায়কারীদের পতন ঘটবে এবং সাধারণ জনগণের জয় নিশ্চিত হবে।
১১ দলের রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, তাঁরা শুধু নিজেদের বিজয় চান না, বরং প্রতিটি নাগরিকের মুক্তি চান। জনগণের মৌলিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জাতির অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে পিছপা না হওয়ার কথাও তিনি পুনরায় ব্যক্ত করেন।