মার্কিন সামরিক বিমানে এআই পাইলট সহকারীর সফল পরীক্ষা
মার্কিন বিমান বাহিনীর কেসি-৪৬এ পেগাসাস রিফুয়েলিং বিমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত পাইলট সহকারী ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মার্কিন বিমান বাহিনীর কেসি-৪৬এ পেগাসাস রিফুয়েলিং বিমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত পাইলট সহকারী ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান বিকন এআই গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। তিনটি সামরিক বিমানে প্রতিষ্ঠানটির তৈরি বহনযোগ্য ‘মারডক’ নামের এই সিস্টেমটি মোট পাঁচটি ফ্লাইট সফলভাবে সম্পন্ন করে।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিন সপ্তাহ ধরে তিনটি বিমানঘাঁটিতে মারডক মোট ২০ ঘণ্টার উড্ডয়ন সম্পন্ন করে। ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স বেসে ‘এমরাল্ড ফ্ল্যাগ’ সামরিক মহড়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। মার্কিন বিমান বাহিনীর এয়ার মোবিলিটি কমান্ড এবং এএফওয়ার্কস-এর যৌথ অর্থায়ন চুক্তির আওতায় এই পরীক্ষা পরিচালিত হয়। এর আগে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের সঙ্গেও প্রতিষ্ঠানটির একই ধরনের চুক্তি হয়েছিল।
মারডক মূলত বিমানের এভিওনিক্স থেকে তথ্য সংগ্রহ করে পাইলটদের তাৎক্ষণিক সহায়তা দেয়। তবে এটি বিমানের নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করে না এবং সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৈমানিকদের হাতেই থাকে। বিকন এআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ম্যাট কক্স জানান, বাস্তব মিশনে ক্রুদের হাতে এই ব্যবস্থা তুলে দিয়ে ধাপে ধাপে এর সক্ষমতা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে ফ্লাইট শিডিউল তৈরি থেকে শুরু করে উড্ডয়ন-পরবর্তী পর্যালোচনার কাজেও প্রযুক্তিটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।