নর্ড স্ট্রিম পাইপলাইনে অন্তর্ঘাত: সাবেক ইউক্রেনীয় কর্মকর্তার বিচার চলবে বলে জানাল জার্মান আদালত
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে অন্তর্ঘাত চালানোর অভিযোগে সাবেক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা সেরহি কুজনেতসভের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জার্মানির একটি আদালত।
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে অন্তর্ঘাত চালানোর অভিযোগে সাবেক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা সেরহি কুজনেতসভের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জার্মানির একটি আদালত। সামরিক গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতার কারণে সুষ্ঠু বিচার সম্ভব নয় বলে আসামিপক্ষের তোলা আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় হামবুর্গের হানসিয়াটিক উচ্চ আঞ্চলিক আদালত। বিচারক জানান, জার্মান আইন অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনে কোনো বাধা নেই এবং বিদেশি সামরিক বিধিমালা এখানে সাক্ষ্য দেওয়ার অধিকার সীমিত করতে পারে না।
ইউক্রেনের বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা কুজনেতসভের বিরুদ্ধে যুদ্ধাপরাধসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সাত মাস পর ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরক স্থাপনকারী দলের নেতৃত্বে ছিলেন তিনি। আসামিপক্ষের আইনজীবীদের দাবি ছিল, ইউক্রেনীয় বিশেষ ইউনিটে দায়িত্ব পালনের কারণে তিনি গোপনীয়তার শর্তে আবদ্ধ। এই মামলা নিয়ে কথা বললে নিজ দেশে তাঁর কঠোর শাস্তি হতে পারে। তবে আদালত সেই দাবি সরাসরি নাকচ করে দেয়।
জার্মান তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ডুবুরি, চিকিৎসক ও নাবিকসহ সাত সদস্যের একটি দল নিয়ে কুজনেতসভ ওই অভিযান চালান। তারা জাল নথিপত্র ব্যবহার করে রস্টক বন্দর থেকে একটি ইয়ট ভাড়া নিয়েছিল এবং সেটিকে বিস্ফোরণ ঘটানোর মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করে। পরবর্তীতে ২০২৫ সালের আগস্টে সপরিবারে অবকাশযাপনের সময় ইতালি থেকে কুজনেতসভকে গ্রেপ্তার করে জার্মানিতে পাঠানো হয়। ইউক্রেন সরকার এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও গণমাধ্যমের খবরে বলা হয়, তৎকালীন সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির নির্দেশনায় এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অজান্তে এ অন্তর্ঘাত চালানো হয়েছিল।