ডেইলি বাংলাগ্রাম

যুক্তরাষ্ট্রের সমর্থনে তাকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা নেতানিয়াহুর, অভিযোগ বেন-গভিরের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন সরকার গঠনের পরিকল্পনার অভিযোগ তুলেছেন দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির।

যুক্তরাষ্ট্রের সমর্থনে তাকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা নেতানিয়াহুর, অভিযোগ বেন-গভিরের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন সরকার গঠনের পরিকল্পনার অভিযোগ তুলেছেন দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেন-গভির জানান, নির্বাচনের পর গাদি আইজেনকোটকে সঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে এবং সেখানে তাকে রাখা হবে না—এমন প্রতিশ্রুতি মার্কিন প্রশাসনকে দিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার দেশটিতে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই এই অভিযোগ সামনে এলো। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন।

সংবাদমাধ্যম 'ইসরায়েল হায়োম'-এর একটি প্রতিবেদনের পর এই অভিযোগ সামনে আনেন বেন-গভির। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু ও তার মূল প্রতিদ্বন্দ্বী আইজেনকোটের সমন্বয়ে একটি ঐক্য সরকার গঠনের জন্য জোর দিচ্ছেন। এছাড়া সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিতে নেতানিয়াহু তার কট্টর ডানপন্থি মিত্রদের ছেড়ে দিতে পারেন বলেও আভাস দেওয়া হয়। তবে বেন-গভিরের অভিযোগকে ভোটার টানার 'নির্বাচনি কৌশল' বলে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। এক্সে এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কতবার এই কৌশল পুনরাবৃত্তি করা হবে।

২০২২ সালের শেষ দিক থেকে ক্ষমতায় থাকা নেতানিয়াহু বর্তমানে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক দুর্নীতির অভিযোগে বিচারের মুখে রয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ডও হতে পারে। এছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।