গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিদ্যায় এআইয়ের তিন যুগান্তকারী আবিষ্কারের দাবি ওপেনএআইয়ের
গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং তাত্ত্বিক পদার্থবিদ্যায় তিনটি বৈজ্ঞানিক আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই।
গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং তাত্ত্বিক পদার্থবিদ্যায় তিনটি বৈজ্ঞানিক আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই। সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি এআই মডেল কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা বিভিন্ন জটিল সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। এই আবিষ্কারগুলো বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে দাবি করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, তাদের এআই গণিতের 'লোকাল স্মুদিং কনজেকচার'-এর পূর্ণাঙ্গ প্রমাণ তৈরি করেছে, যা কাকিয়া ও স্টেইনের ধারণারও সমাধান করবে। গত ১৮ অক্টোবর সমাধানটি তৈরির পরদিন 'লিন' সিস্টেমের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়। কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে বহু গবেষণার ভিত্তি হিসেবে ব্যবহৃত 'এক্সপোনেনশিয়াল টাইম হাইপোথিসিস' ভুল প্রমাণ করার দাবি করেছে তাদের এআই। পাশাপাশি তাত্ত্বিক পদার্থবিদ্যায় শক্তিশালী পারমাণবিক বল এবং ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউটের মিলেনিয়াম প্রাইজ সমস্যার অংশ হিসেবে থাকা 'ইয়াং-মিলস তত্ত্বের' অস্তিত্বের প্রমাণ দেওয়া হয়েছে।
পদার্থবিজ্ঞান সংক্রান্ত এই ফলাফলগুলো এখনো উন্মুক্ত করা হয়নি। নোবেলজয়ী পদার্থবিদ ডেভিড গ্রসের নেতৃত্বে একদল গবেষক এই তথ্যগুলো যাচাই করবেন। এআইয়ের মাধ্যমে পাওয়া এসব ফলাফলকে প্রাথমিক গবেষণা তথ্য হিসেবে আখ্যায়িত করেছে ওপেনএআই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান ডিয়েগো এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মতো স্বাধীন গবেষক দলগুলো পুরো কাজটি পরীক্ষা করবে। এই যাচাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।