ডেইলি বাংলাগ্রাম

নির্বাচনে বিএনপি ধর্ম ব্যবহার করছে বলে গোলাম পরওয়ারের অভিযোগ

নির্বাচনে জামায়াত নয়, বরং বিএনপি ধর্মকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

নির্বাচনে বিএনপি ধর্ম ব্যবহার করছে বলে গোলাম পরওয়ারের অভিযোগ

নির্বাচনে জামায়াত নয়, বরং বিএনপি ধর্মকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (২৫ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ধানের শীষের রঙিন ছবি ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি ভাঙা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে চিকিৎসাসেবা ক্যাম্প করে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি হিন্দুপ্রধান অঞ্চলে বিএনপি প্রার্থীর কর্মীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে হিন্দু ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস পাবেন না বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় পুলিশ বিএনপি প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে বলেও তিনি দাবি করেন।

দলীয় আনুগত্য থাকা পুলিশ দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত নেতা। এ কারণে তিনি নির্বাচনি মাঠে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। একই সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।