ডেইলি বাংলাগ্রাম

রাউজানে চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে জখম করল ছাত্র

চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে এক শিক্ষককে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক শিক্ষার্থী।

রাউজানে চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে জখম করল ছাত্র

চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে এক শিক্ষককে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। মঙ্গলবার বেলা তিনটার দিকে আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। কারিগরি শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষা চলাকালে হামলার শিকার হন সুচরিত চৌধুরী নামের এক শিক্ষক। তিনি বিদ্যালয়টির মেকানিক্যাল বিভাগের দায়িত্বে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর চুল বড় দেখে কারণ জানতে চান শিক্ষক সুচরিত চৌধুরী। একই সঙ্গে তিনি তাকে চুল কেটে আসার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীটি শিক্ষকের ওপর চড়াও হয় এবং কলম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে অন্য শিক্ষকেরা রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁর মাথার এক পাশে সেলাই দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ জানান, অভিযুক্ত ছাত্রটি প্রায়ই স্কুলে দেরিতে আসত এবং ক্লাসে অনিয়মিত ছিল। বেশ কিছুদিন ধরে তার আচরণেও উগ্র ভাব দেখা যাচ্ছিল। এ ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই শিক্ষার্থী বর্তমানে অন্যদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।