পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত চার
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন একটি পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন।
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন একটি পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা আছাদুল হক এবং রংপুরের শিহাব হোসেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজে ১৩ জন শ্রমিক যুক্ত ছিলেন। বিকেল পাঁচটার দিকে আকস্মিকভাবে ছাদের শাটারিং ভেঙে কয়েকজন শ্রমিক নিচে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে নামেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছিল। আহত অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।