ফুলবাড়িয়ায় স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার হাতাহাতির ভিডিও ভাইরাল
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে জানা যায়, মারামারিতে জড়ানো দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ থেকে ১২ দিন আগে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকছেন এবং তাঁদের মধ্যে আদালতে মামলা চলছে। প্রধান শিক্ষক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক বিরোধের কারণে বিদ্যালয় প্রাঙ্গণেই এই মারামারি হয় এবং তিনি সহকর্মীকে দিয়ে সেই ঘটনার ভিডিও করান। এমন ঘটনা আগেও বিদ্যালয়ে ঘটেছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে সহকারী শিক্ষক আসমা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক ও ৯০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। বিদ্যালয়ে এমন অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত চিঠি পাঠানো হবে।