ডেইলি বাংলাগ্রাম

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১২০০ হুতি যোদ্ধা নিষ্ক্রিয় করার দাবি

ইয়েমেনের সরকারি বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে হুতিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছে।

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১২০০ হুতি যোদ্ধা নিষ্ক্রিয় করার দাবি

ইয়েমেনের সরকারি বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে হুতিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছে। সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ হুতি যোদ্ধা নিহত বা নিষ্ক্রিয় হয়েছে। এছাড়া বিদ্রোহীদের ৪৪০টিরও বেশি সামরিক যানবাহন ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আব্দুল্লাহ আল-নাধিব জানান, সরকারি বাহিনী যুদ্ধবিমান, ড্রোন, কামান, রকেট এবং স্নাইপার ইউনিটের মাধ্যমে মোট ২ হাজার ২০০টি আঘাত হেনেছে। এসব হামলায় হুতিদের নিয়ন্ত্রণ কেন্দ্র, ঘাঁটি, অস্ত্রাগার এবং রসদ সরবরাহের পথ লক্ষ্য করা হয়। তাইজ অঞ্চলেও হুতিদের গাড়ি বহরে হামলা চালিয়ে তাদের প্রতিরোধ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা এলাকায় বেসামরিক মানুষের ফেরার পথ সুগম করতে মাইন অপসারণ কার্যক্রম চলছে।

হুতিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে এই বিশেষ অভিযান শুরু করে ইয়েমেন সরকার। ২০১৪ সাল থেকে হুতিরা রাজধানী সানাসহ একাধিক প্রদেশ দখল করে রেখেছে। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের পক্ষে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে। ২০২২ সালের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করে।