আজারবাইজান ও ইরাক সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
মুসলিম বিশ্ব ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আজারবাইজান এবং ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মুসলিম বিশ্ব ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আজারবাইজান এবং ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ সফরের কথা জানান। নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার রাতেই তিনি আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে ১৫ ও ১৬ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন তিনি। এরপর ১৭ অক্টোবর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তিনি ইরাকের বাগদাদে যাবেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা হবে। প্রতিমন্ত্রী জানান, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। অপরদিকে বাগদাদে ওআইসির সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি এবং দেশের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। দুই দশকের অস্থিরতা কাটিয়ে ইরাকে নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা।
মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়ে হুমায়ুন কবির বলেন, অঞ্চলটিতে বাংলাদেশের গভীর স্বার্থ রয়েছে। সেখানে প্রায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী বসবাস করছেন। তাই চলমান সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও জ্বালানিস্বার্থ রক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো গঠনমূলক প্রস্তাব এলে জাতিসংঘ শান্তিরক্ষায় অভিজ্ঞ বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।