ডেইলি বাংলাগ্রাম

ভাষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

ভাষা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে ইতালি।

ভাষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

ভাষা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে ইতালি। এ লক্ষ্যে আগামী মাসে ঢাকায় বিশেষ কর্মসূচি আয়োজন করবে দেশটির দূতাবাস। সেখানে আগ্রহীদের ইতালীয় ভাষা, স্থানীয় সংস্কৃতি এবং কারিগরি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাদের ইতালিতে কাজের সুযোগ তৈরি করা হবে। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানান ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।

বৈঠকে রাষ্ট্রদূত প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা উপস্থাপন করলে সেটিকে স্বাগত জানান মাহ্‌দী আমিন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখানো প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এই উদ্যোগ দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনায় জানানো হয়, বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন এবং দেশে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখছেন। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ করে বৈধ পথ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের ভিসা পাওয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসাও করেন রাষ্ট্রদূত। এ সময় ঢাকায় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি উপস্থিত ছিলেন।