ডেইলি বাংলাগ্রাম

ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথের উদ্যোগ, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ একটি উড়াল বিকল্প রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথের উদ্যোগ, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ একটি উড়াল বিকল্প রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এটি চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেল দূরত্ব ৮০ কিলোমিটার কমবে এবং যাতায়াতের সময় বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এই পরিকল্পনার তথ্য জানান।

প্রকল্পটিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। জমি অধিগ্রহণ শেষ হওয়ার পর কাজ সম্পন্ন করতে চার বছর সময় লাগবে। পুরো পথ উড়াল হবে কি না সে বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে ৫ অক্টোবর রেলপথ মন্ত্রণালয় সম্পূর্ণ উড়াল রেলপথের প্রস্তাব দেয়। উপদেষ্টা জানান, পুরোটাই উড়াল সেতু হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। মাটির বাঁধ ও উড়াল কাঠামোর মিশ্রণে করলে খরচ হতো ৭৩ হাজার ৫৭৭ কোটি টাকা, যার তুলনায় সম্পূর্ণ উড়াল পথে ব্যয় বাড়ছে প্রায় ১০ হাজার ৩২৪ কোটি টাকা।

নতুন এই ডাবল ট্র্যাক ব্রডগেজ রেলপথটি ২৫ টন এক্সেল লোড বহনে সক্ষম হবে। ভবিষ্যতে এই পথে বৈদ্যুতিক ট্রেন চালানোর সুযোগও রাখা হচ্ছে। রেলপথটির নকশাগত সর্বোচ্চ গতি ধরা হয়েছে ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং ট্রেন পরিচালনার সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।