ফরিদপুরে সারের ডিলার নিয়োগের বিরোধে যুবদল নেতাকে হাতুড়িপেটা
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন নামের এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন নামের এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত খোরশেদ জেলা যুবদলের সদস্য। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে সুমন তালুকদার, ওয়াজেদ মোল্লা ও মোস্তাক আহমেদ নামের আরও তিনজন আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলার হিসেবে শিবলী সাদিক ওরফে তুষার মন্ডলকে মনোনীত করা হয়। এর প্রতিবাদে গত রোববার নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ডিলারশিপ না পাওয়া খোরশেদ। সেখানে তিনি শিবলীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ডিলার হওয়ার অভিযোগ তোলেন। খোরশেদের পরিবারের দাবি, এই ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে খোরশেদের ওপর ২০ থেকে ২৫ জন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে।
অভিযোগের বিষয়ে জানতে শিবলী সাদিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। তবে ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ নাকচ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। তিনি জানান, প্রতিটি ইউনিয়ন থেকে যাচাই-বাছাই করে পাঠানো তালিকা অনুযায়ী মন্ত্রণালয় যোগ্য প্রার্থীদের ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।