ভবন নির্মাণ ও অনুমোদনে দুর্নীতি ঠেকাতে আসছে নতুন আইন
ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে যেকোনো অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে যেকোনো অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের নগর ভবনে ভূমিকম্পের ঝুঁকি ও মোকাবিলা বিষয়ক এক কর্মশালায় তিনি এই তথ্য প্রকাশ করেন।
রাজউক চেয়ারম্যান জানান, রাজধানী ঢাকার প্রতিটি স্থাপনা পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আলাদাভাবে চিহ্নিত করা হবে। এসব ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংস্থার কাজের সুবিধার্থে কর্মী সংকট দূর করতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার কথাও উল্লেখ করেন তিনি।
কর্মশালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদি আনসারি বক্তব্য রাখেন। তিনি নতুন ভবনগুলোকে ভূমিকম্প সহনশীল করে তৈরি এবং পুরোনো স্থাপনাগুলো আরও মজবুত করার আহ্বান জানান। এ ছাড়া নকশা ও ভবন অনুমোদনে রাজউকের সময়ক্ষেপণ নিয়েও তিনি সমালোচনা করেন।