এসএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আজ মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান। তিনি বলেন, অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী আরও জানান, পুনরায় নেওয়া পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ ধারায় পড়াশোনা চালিয়ে যাবে কি না তা ঠিক হবে। দ্বিতীয়বারও অকৃতকার্য হলে তাদের কারিগরি শিক্ষায় পাঠিয়ে দেওয়া হবে। প্রচলিত নিয়মে পাবলিক পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করলে শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিতে এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবন পিছিয়ে পড়ে এবং মানসিক চাপ বাড়ে।
সম্প্রতি ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ নিয়ে গত শনিবার একটি সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। পরে শিক্ষা বোর্ডগুলোও তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে মতামত পাঠায়। শিক্ষাবিদদের মতে, দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের ক্ষতি কমবে।