মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি ব্যালান্সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের চার অপারেটর।
মোবাইল ফোনে জরুরি ব্যালান্সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের চার অপারেটর। বর্তমানে এই সুবিধার সর্বোচ্চ পরিমাণ ২০০ টাকা। নতুন এই প্রস্তাব অনুমোদিত হলে গ্রাহককে ৫০০ টাকার সঙ্গে ১০ টাকা সেবা ফি এবং প্রযোজ্য কর দিতে হবে। চলতি মাসেই পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ব্যালান্সের সীমা বাড়ানোর পেছনে অপারেটরদের যুক্তি হলো, বর্তমান সুবিধার টাকায় বেশি দামের প্যাকেজ কেনা সম্ভব হয় না। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, কোনো প্যাকেজের দাম ৩১০ টাকা হলে ২০০ টাকার জরুরি ব্যালান্স দিয়ে তা কেনা যায় না। এই সীমা ৫০০ টাকা করা হলে গ্রাহকেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বড় প্যাকেজ নিতে পারবেন।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, সীমা বাড়ানো হলে গ্রাহকদের কত টাকা ফি দিতে হবে, তা নিয়ে আলোচনা চলছে। ২০১৯ সাল থেকেই দেশে চার অপারেটর ১০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরুরি ব্যালান্স দিয়ে আসছে। বর্তমানে ১০ টাকা পর্যন্ত ব্যালেন্সে কোনো বাড়তি ফি লাগে না। তবে এর বেশি নিলে গ্রাহককে ২ টাকা ৭৮ পয়সা থেকে প্রায় ৭ টাকা পর্যন্ত সেবা ফি দিতে হয়।