ডেইলি বাংলাগ্রাম

চুয়েটে কর্মবিরতির পাশাপাশি এবার সর্বাত্মক অসহযোগের ডাক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি এবার ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’র ডাক দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

চুয়েটে কর্মবিরতির পাশাপাশি এবার সর্বাত্মক অসহযোগের ডাক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি এবার ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’র ডাক দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নেতারা জানান, পূর্বঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অসহযোগ ও কর্মবিরতি চলবে। নতুন উপাচার্যকে দায়িত্ব পালনে কোনো ধরনের প্রশাসনিক সহায়তা করা হবে না।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ যৌথ সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, বহিরাগতদের সহায়তায় নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের ঘটনা তাঁরা প্রত্যাখ্যান করছেন। উদ্ভূত পরিস্থিতির দায়ভার উপাচার্যকেই নিতে হবে। শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সাধারণ চুয়েট পরিবার বর্তমান উপাচার্যকে মেনে নিচ্ছে না। সংকট সমাধানে তাঁরা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা শাটডাউন এবং শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে আজ সকালে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন নতুন উপাচার্য। খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন এবং দুপুরের পর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন।