যাত্রাবাড়ীতে প্রবাসফেরত স্ত্রীকে কুপিয়ে চার টুকরো করার অভিযোগ, স্বামী আটক
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে শিরিন বেগম (৪২) নামের এক নারীর চার খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে শিরিন বেগম (৪২) নামের এক নারীর চার খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ভাড়া বাসাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী দুলালকে (৫০) হাতেনাতে আটক করেছে পুলিশ। নিহত শিরিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিরিন বেগম দীর্ঘদিন জর্ডানে ছিলেন। প্রায় দুই মাস আগে ছেলের বিয়ের জন্য তিনি দেশে ফেরেন এবং স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস শুরু করেন। দেশে আসার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। নিহতের ভাই যুবরাজ জানান, রোববার রাত ৩টার দিকে ঝগড়ার একপর্যায়ে দুলাল ধারালো বটি দিয়ে শিরিনের গলায় কোপ দেন। এরপর তিনি মরদেহটি কেটে চার টুকরো করেন।
রাতে অস্বাভাবিক শব্দ শুনে পাশের ফ্ল্যাটের বাড়ির মালিকের সন্দেহ হয়। তিনি দরজায় নক করলে দুলাল অসংলগ্ন আচরণ করেন। তখন কৌশলে তাকে ঘরের ভেতর আটকে রেখে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুলালকে আটক করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।