১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার (১২ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থগিত হওয়া এসব ফ্লাইটের ভবিষ্যৎ সূচি ও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে যাত্রীদের যথাসময়ে অবগত করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সাথে বিদ্যমান পরিস্থিতিতে তারা সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।