ভবিষ্যতের আগাম বার্তা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বাজি ধরছে স্টার্টআপগুলো
শেয়ারবাজারের ওঠানামা থেকে শুরু করে ভূরাজনীতি ও বিনোদন জগতের বিভিন্ন ঘটনার আগাম পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দিকে ঝুঁকছে একাধিক স্টার্টআপ প্রতিষ্ঠান।
শেয়ারবাজারের ওঠানামা থেকে শুরু করে ভূরাজনীতি ও বিনোদন জগতের বিভিন্ন ঘটনার আগাম পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দিকে ঝুঁকছে একাধিক স্টার্টআপ প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের চেয়েও নিখুঁতভাবে ভবিষ্যৎ অনুমান করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি তথ্যভাণ্ডার ব্যবহার করছে এসব এআই মডেল। এমনকি গত সেপ্টেম্বরের শুরুতে ভবিষ্যদ্বাণী প্রতিযোগিতা 'মেটাকুলাস কাপ'-এ শীর্ষস্থান দখল করেছে দুটি এআই মডেল। 'ফিউচারসার্চ' প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ড্যান শোয়ার্জের মতে, ২০৩০ সালের মধ্যে মানুষের বর্তমান সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে প্রস্তর যুগের চিন্তাভাবনা বলে মনে হবে।
আর্থিক বাজারে এআই প্রযুক্তির প্রভাব ইতিমধ্যে দ্রুত বাড়ছে। 'প্রিসিন' প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা থিও সামার এআই ব্যবহার করে মার্কিন প্ল্যাটফর্ম 'কালশি'-তে মাত্র সাত মাসে ৩৫ ডলারকে ১৯ লাখ ডলারে পরিণত করেছেন। কালশি ও পলিমার্কেটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে এআইয়ের আধিপত্য বাড়ছে। প্রিসিনের অপর সহপ্রতিষ্ঠাতা ভেনিয়ামিন ভেসেলেভস্কি জানান, ব্যয়বহুল প্রযুক্তির অভাবে সাধারণ বিনিয়োগকারীরা খুব শিগগিরই পিছিয়ে পড়তে পারেন। 'ম্যান্টিক' প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা টোবি শেভলেনের মতে, ব্যবসায়ীরা এখন লেনদেনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে এই প্রযুক্তি ব্যবহার করছেন।
অর্থনীতির বাইরেও সরকারি নীতি, করপোরেট সিদ্ধান্ত, চিকিৎসাবিজ্ঞান ও বীমার ঝুঁকি মূল্যায়নে ভবিষ্যৎ অনুমানের এই মডেলগুলো ছড়িয়ে পড়ছে। ম্যান্টিক ইতিমধ্যে ব্রিটিশ সরকার এবং একটি বৃহৎ মার্কিন সংস্থাকে নীতিগত পরিবর্তনের সম্ভাব্য দৃশ্যপট জানিয়ে সহায়তা করেছে। ফিউচারসার্চের বিশেষজ্ঞ পূর্বাভাসদাতা টম লিপটেও জানেন যে মাঝারি মেয়াদে এআই প্রযুক্তি তাকে ছাড়িয়ে যাবে। তবে এই প্রযুক্তির বিস্তার নিয়ে শঙ্কাও রয়েছে। ভেসেলেভস্কি জানান, এর ইতিবাচক দিক থাকলেও রাশিয়া বা চীনের মতো দেশগুলোর কাছে আরও উন্নত ব্যবস্থা থাকার আশঙ্কা তৈরি হচ্ছে।