রিয়াদের বিমানবন্দরে হামলার পর উত্তেজনা না ছড়িয়ে আলোচনার আহ্বান চীনের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে সংকট নিরসনে আলোচনা ও সমঝোতার ওপর জোর দিয়েছে দেশটি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার জানান, ব্যাপক প্রাণহানি ও সংঘাত বেড়ে যাওয়ার ঘটনায় বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। চীন সব সময় বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলার বিরোধিতা করে উল্লেখ করে তিনি দ্রুত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার তাগিদ দেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে হুথিদের হামলায় ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে। এর পরদিন রবিবার বিকেলে ৪ নম্বর টার্মিনালে আরেকটি আঘতে এক পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হন। এছাড়া বিমানবন্দরের কাছাকাছি আকাশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি জোট।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত মারাত্মক রূপ নিয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে বিমানবন্দর ছাড়াও বিভিন্ন বেসামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।