নির্বাচনের আগে ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নেই: ইয়ার লাপিদ
আসন্ন সাধারণ নির্বাচনের আগে ইসরায়েল ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াবে না বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।
আসন্ন সাধারণ নির্বাচনের আগে ইসরায়েল ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াবে না বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সোমবার তিনি জানান, তাঁর কাছে থাকা গোয়েন্দা তথ্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের ভয় দেখিয়ে নির্বাচনী সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন।
স্থানীয় একটি রেডিও স্টেশনের সঙ্গে আলাপকালে লাপিদ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধ নিয়ে জনগণকে আতঙ্কিত করার কোনো কারণ নেই। এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ইরান পরিস্থিতি পর্যালোচনা করতে গত রবিবার সন্ধ্যায় নেতানিয়াহু একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর নেতানিয়াহু দাবি করেছিলেন যে নির্বাচনের সময়ে ইসরায়েলের শত্রুরা হামলা চালাতে পারে। সাম্প্রতিক জনমত জরিপে বিরোধী দলগুলো নেতানিয়াহুর জোটের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা কারও নেই। তবে লাপিদ সব শঙ্কা এড়িয়ে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন।